আয়কর অভিযানে নিজের সম্পৃক্ততা অস্বীকার রাকুলের
যোগফল প্রতিবেদক:
মুম্বাইয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আয়কর বিভাগের সাম্প্রতিক তল্লাশি অভিযানকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া জল্পনাকল্পনা উড়িয়ে দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং।
গত ২৮ সেপ্টেম্বর মুম্বাইয়ে রাকুল প্রীত সিং, তাঁর শ্বশুর ও প্রযোজক বাসু ভাগনানি এবং প্যানোরামা স্টুডিওসের সঙ্গে সম্পৃক্ত ১২টি স্থানে তল্লাশি অভিযান চালানো হয়। সিনেমার শুটিং ব্যয় ও বিদেশে অর্থ লেনদেনে অনিয়মের অভিযোগে এ অভিযান চালানো হয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে রাকুল বলেন, কোনো ধরনের যাচাই ছাড়াই মূলধারার গণমাধ্যম যেভাবে সংবাদটি প্রচার করেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি স্পষ্ট করে বলেন, আয়কর বিভাগের এই তল্লাশি তাকে কেন্দ্র করে ছিল না।
রাকুল বলেন, ‘আমি একজন সশস্ত্র বাহিনীর পরিবারের মেয়ে। বলিউডে আমার কোনো গডফাদার ছিল না। নিজের পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি। ২০ বছর বয়স থেকে সব নিয়ম মেনে কর পরিশোধ করে আসছি।’
তিনি আরও বলেন, তাদের প্রোডাকশন হাউস কোনোভাবেই বেআইনি বিদেশি অর্থ লেনদেনের সঙ্গে জড়িত নয়। দেশে বা বিদেশে তাদের কোনো বেআইনি সম্পত্তিও নেই।
অভিনেত্রী আরও জানান, বিষয়টি নিয়ে ভুল তথ্য ছড়িয়ে পড়ায় তিনি নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তার দাবি, আয়কর বিভাগের অভিযানকে তার সঙ্গে সম্পৃক্ত করে যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন